নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়ার পূজামণ্ডপ পরিদর্শন
সংগৃহীত
জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৫ নম্বর নাসিরনগর সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়া। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং টানা পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য।
রোববার (১৮ অক্টোবর) দিন ও রাতব্যাপী তিনি সদর ইউনিয়নের দত্তপাড়া, কাশীপাড়া, মহাখালপাড়া, দাসপাড়া, নমশূদ্রপাড়া, নাসিরপুর, মনোহরপুর ও কুলিকুন্ডাসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে এলাকার বিপুলসংখ্যক কর্মী-সমর্থক, মুরুব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে আজদু মিয়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পুরোহিত ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। বিভিন্ন মণ্ডপে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় আজদু মিয়া বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার সমান অধিকার। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সবার উৎসব। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার উৎসব।”
তিনি আরও বলেন, “দীর্ঘ পাঁচবার আপনাদের ভোটে মেম্বার নির্বাচিত হয়ে সেবা করার সুযোগ পেয়েছি। আগামীতেও ৫ নম্বর নাসিরনগর সদর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি ইউনিয়ন গড়তে চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন।”
আজদু মিয়া বলেন, “নাসিরনগর সদর ইউনিয়নসহ সারা দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। বিএনপি সব সময় মানুষের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।”
পরিদর্শন শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং পূজা চলাকালে যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এমকে/বিএম২৪









