তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম
সংগৃহীত
মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংরক্ষিত নারী সদস্য শিখা বেগম। তাঁর এ দায়িত্ব গ্রহণকে ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার ব্যবস্থায় নারী নেতৃত্বের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু বকর মিঞা তাঁর বড় ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন ভারতে চিকিৎসাধীন থাকায় তাঁকে দেখতে বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে শিখা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
শিখা বেগম তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা নিশ্চিত করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব পালন করবেন।
এদিকে, চেয়ারম্যান মোঃ আবু বকর মিঞা তাঁর ছেলের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি সফর শেষে যেন তিনি সুস্থ ও নিরাপদে দেশে ফিরতে পারেন, সে জন্যও সবার দোয়া কামনা করেছেন।
অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম মোঃ মোয়াজ্জেম হোসেনের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশে শিখা বেগমের এ দায়িত্ব গ্রহণকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা। তাঁর দায়িত্ব পালনকালে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে নাগরিক সেবা পাবেন বলে প্রত্যাশা করছেন ইউনিয়নবাসী।
তুমুলিয়া ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।
এমকে/বিএম২৪









