চন্দনাইশে পরকীয়ার জেরে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ার জের ধরে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মো. সেলিম (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নুরহাবা উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে। গ্রেপ্তার সেলিম একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর। বর্তমানে স্বামী-স্ত্রী দোহাজারী পৌরসভার উল্লাপাড়ায় একটি টিনশেড বাসায় বসবাস করতেন।
দোহাজারী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল জানান, স্ত্রীর পরকীয়ার বিষয় নিয়ে আগে থেকেই সেলিমের সঙ্গে বিরোধ চলছিল। বুধবার সকালে তাদের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম কোদাল দিয়ে নুরহাবাকে আঘাত করেন।
এতে গুরুতর আহত হন নুরহাবা। পরে সেলিম ও স্থানীয়রা তাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









