খুলনার দুই পুলিশ কর্মকর্তাসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম
খুলনার দুই পুলিশ কর্মকর্তাসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সংগৃহীত

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করে পুলিশ সদর দপ্তর।


বদলি-পদায়নের তালিকায় রয়েছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকিয়া সুলতানা এবং খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।


প্রজ্ঞাপন অনুযায়ী, জাকিয়া সুলতানাকে মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে একই পদে পদায়ন করা হয়েছে।


এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে তাঁর বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।


অন্যান্য কর্মকর্তার মধ্যে এসআরবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে এপিবিএনে পদায়ন করা হয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশে এবং মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে একই পদে পদায়ন করা হয়েছে।


এ ছাড়া লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপিতে, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে এবং পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।


অন্যদিকে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়নের নতুন আদেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গত ৩ সেপ্টেম্বর জারি করা তাঁর আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।


প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২৮ অক্টোবর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে।


এমকে/বিএম২৪