এসএসসি ফল প্রকাশের পর স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সূত্রঃ ফাইল ছবি
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কারিনা ফলাফলে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে আশানুরূপ ফল করতে পারেনি বলে জানিয়েছে তার পরিবার।
সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কারিনা চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফল প্রকাশের পর রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে ফল খারাপ হয়েছে জানতে পেরে কারিনা মানসিকভাবে ভেঙে পড়ে। পরে মায়ের সঙ্গে কথা বলে নিজের কক্ষে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিম আহমেদ বলেন, কারিনা ভালো ছাত্রী ছিল। কী কারণে তার ফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফল খারাপ হওয়া জীবনের শেষ নয়; আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও ছিল তার।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।









