৮ বছর পর পর্দায় ফিরছেন প্রীতি জিনতা, জানালেন দীর্ঘ বিরতির কারণ

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০২:৫১ এএম
৮ বছর পর পর্দায় ফিরছেন প্রীতি জিনতা, জানালেন দীর্ঘ বিরতির কারণ

সূত্রঃ ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক


বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা দীর্ঘ আট বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন। ক্যারিয়ারের ব্যস্ত সময়েই অভিনয় থেকে সরে দাঁড়ানো এই তারকা জানিয়েছেন, পরিবার ও সন্তানদের সময় দেওয়ার সিদ্ধান্তই ছিল তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত।


সর্বশেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ভাইয়াজি সুপারহিট সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি। কাকতালীয়ভাবে আট বছর পর তার প্রত্যাবর্তনও হচ্ছে সানি দেওলের সঙ্গে। নতুন সিনেমা বাটওয়ারা ১৯৪৭-এ আবারও জুটি বেঁধেছেন তারা।


সম্প্রতি ছবিটির প্রচারণা অনুষ্ঠানে প্রীতি জিনতা বলেন, অভিনয় থেকে দূরে থাকলেও তিনি সেই সময়টুকু মোটেও মিস করেননি। বরং পরিবারের সঙ্গে কাটানো সময় তাকে নতুন অভিজ্ঞতা দিয়েছে।


তিনি বলেন, “সত্যি বলতে সিনেমায় কাজ খুব বেশি মিস করিনি। বরং পরিবারের সঙ্গে মাঝের সময়টা দারুণ উপভোগ করেছি। এটা আমার জীবনের একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা ছিল।”


প্রীতি আরও জানান, সন্তানদের জন্ম এবং তাদের বড় করে তোলাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তার ভাষায়, “সন্তানের জন্ম, তাদের বড় করে তোলা এবং ব্যক্তিগত জীবনে মনোযোগ দেওয়াই ছিল আমার অগ্রাধিকার। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সন্তানকে জন্ম দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় মাইলফলক।”


অভিনয় থেকে বিরত থাকলেও ব্যবসায়ী হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন প্রীতি জিনতা। এবার বাটওয়ারা ১৯৪৭ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।