রাষ্ট্রপতি নির্বাচনে ‘ওপেন’ ব্যালট, দেখা যাবে কে কাকে ভোট দিচ্ছেন

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম
রাষ্ট্রপতি নির্বাচনে ‘ওপেন’ ব্যালট, দেখা যাবে কে কাকে ভোট দিচ্ছেন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দীন। তিনি জানান, এ নির্বাচনে ব্যালটের গোপনীয়তার চেয়ে স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে কে কাকে ভোট দিচ্ছেন, তা ভোটকেন্দ্রে উপস্থিত ব্যক্তিদের কাছে দৃশ্যমান থাকবে।


বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিইসি।


তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ১৯৯১ সালের পর সংসদীয় পদ্ধতিতে এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।


সিইসি জানান, গত ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের দিনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১১ দলীয় জোটের পক্ষ থেকে ড. অলি আহমদের নামে দুটি এবং বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে তিনটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। তবে একই প্রার্থীর দুটি মনোনয়নপত্রের একটি অতিরিক্ত হিসেবে গণ্য হওয়ায় চূড়ান্তভাবে দুই প্রার্থীর মধ্যে ভোট হবে। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি।


রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরাই এ নির্বাচনের ভোটার। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সিইসি বলেন, ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই গণনা শুরু হবে এবং ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি। ভোটদান ও গণনার পুরো প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। সংসদ সদস্যরা ভোটগ্রহণ ও গণনার সময় কক্ষে উপস্থিত থাকতে পারবেন।


তিনি আরও জানান, ব্যালট পত্রে ভোটার ও প্রার্থীদের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ফলে কে কাকে ভোট দিচ্ছেন, তা উপস্থিত ব্যক্তিদের কাছে দৃশ্যমান হবে। ভিআইপি ভোটারদের ভোটদান ও ফলাফল গণনার পর্ব বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ভোটের দিন সংসদ ভবনের ভেতরে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না বলেও জানান সিইসি। নির্বাচনকে ঘিরে অতিরিক্ত বা কোটি কোটি টাকা ব্যয়ের যে খবর ছড়িয়েছে, তা গুজব বলেও উল্লেখ করেন তিনি।


গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দেশ-বিদেশের নজর এই নির্বাচনের দিকে রয়েছে উল্লেখ করে সিইসি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় একটি সুন্দর, স্বচ্ছ ও ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন উপহার দিতে পারবে নির্বাচন কমিশন।