মিরপুরে রাসায়নিক গুদামের আগুন নেভাতে কয়েকদিন লাগতে পারে: ফায়ার সার্ভিস মহাপরিচালক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০১:৪৩ এএম
মিরপুরে রাসায়নিক গুদামের আগুন নেভাতে কয়েকদিন লাগতে পারে: ফায়ার সার্ভিস মহাপরিচালক

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিকের গুদাম ও পাশের পোশাক কারখানায় লাগা ভয়াবহ আগুন নেভাতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

মঙ্গলবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এখনও ওখান থেকে ধোঁয়া উঠছে, কারণ ওখানে কেমিক্যাল আছে। আমরা একটু সময় নেব। বিভিন্ন ধরনের কেমিক্যালের সমন্বয়ে এই আগুন জটিল আকার নিয়েছে। কেমিক্যাল দুর্ঘটনায় একটি নির্দিষ্ট প্রটোকল অনুসরণ করতে হয়, সেটাই আমরা করছি। পুরোপুরি নেভাতে কয়েকদিন লাগতে পারে।”

তিনি জানান, আগুন আপাতত নিয়ন্ত্রণে আছে, তবে সম্পূর্ণ নির্বাপণ বলা যাচ্ছে না। “এখন পরিস্থিতি আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও আগুন আবার জ্বলে উঠতে পারে। তাই আমরা সতর্ক আছি। ফায়ার সার্ভিসের কিছু সদস্য সারা রাত এখানে অবস্থান করবেন, যেন আগুন আবার ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারেন।”

ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল আরও বলেন, বুধবার সকালে বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, “এটা সাধারণ আগুন নয়। দ্রুত নির্বাপণ করতে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। টঙ্গীর রাসায়নিক গুদামের আগুনও নেভাতে সাত-আট দিন লেগেছিল। তাই আমরা সতর্কভাবে কাজ করছি। স্থানীয় জনগণ ও আমাদের কর্মীদের নিরাপত্তা সবার আগে।”

এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিকের গুদাম ও পাশের পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত পর্যন্ত ১৬টি পোড়া লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

লাশগুলো উদ্ধার হয়েছে পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে। আগুনের তীব্রতায় লাশগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বুধবার সকালে বুয়েটের বিশেষজ্ঞ দল পরিদর্শন শেষে একটি প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।