মোংলায় পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ, পরিবেশ প্রতিমন্ত্রীর আহ্বান

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
মোংলায় পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ, পরিবেশ প্রতিমন্ত্রীর আহ্বান

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


“গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা করতে হবে, জলাশয়ে মাছের চাষ বাড়াতে হবে”—বাগেরহাটের মোংলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে এমন আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মোংলা উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, মৎস্য সম্পদ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে। অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্বও অপরিসীম। তাই মাছের উৎপাদন বৃদ্ধি ও বৃক্ষরোপণ—দুই ক্ষেত্রেই গুরুত্ব দিতে হবে।


কর্মসূচিতে শেখ ফরিদুল ইসলাম উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন। পরে পুকুরের পাড়ে একটি বৃক্ষের চারা রোপণ করেন।


তিনি জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম নেওয়া হয়েছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন উল্লেখ করে তিনি এ দিনে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করেন।


দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। একই সঙ্গে জলাশয়গুলোতে মাছের চাষ বাড়ানোর উদ্যোগ নিতে হবে।


অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন প্রতিমন্ত্রী। তাঁর নেতৃত্বে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবাটো শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে গিয়ে শেষ হয়।


পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪