কুড়িগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সূত্রঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঘোষপাড়াস্থ ঈদগাহ মাঠসংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
এ ছাড়া থানা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলি ও কৃষকদলের আহ্বায়ক রিপন রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।








