১৪ মাস পর সিলেটে আবারও করোনা শনাক্ত
সূত্রঃ ফাইল ছবি
সিলেট প্রতিনিধি
দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে নতুন করে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি ৫৫ বছর বয়সী এবং তিনি জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বর্তমানে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।
হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদরোগের চিকিৎসার জন্য ওই ব্যক্তি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে এনজিওগ্রামের পাশাপাশি তার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) করা হয়। পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে ২০২৫ সালের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর প্রায় ১৪ মাস নতুন করে করোনা শনাক্তের কোনো খবর পাওয়া যায়নি।
২০১৯ সালের শেষ দিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলেও ২০২০ সালে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সিলেটে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। মারা যান চিকিৎসক ডা. মঈন উদ্দিন।
পরবর্তী সময়ে ২০২১ সালে করোনাভাইরাসের ডেল্টা ধরন সিলেটেও ব্যাপক প্রভাব ফেলে। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সে সময় জনজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়। তবে বছরের শেষদিকে ধীরে ধীরে সংক্রমণের প্রকোপ কমতে শুরু করে।
সিলেট বিভাগে করোনাভাইরাসে এ পর্যন্ত ১ হাজার ২০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়।








