কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৩:৩৬ এএম
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকালে আঘাত হানা এই ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত ও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।


ভূমিকম্পের কম্পন রাজধানী বোগোটাসহ দেশটির বিভিন্ন অঞ্চলে এবং প্রতিবেশী ভেনেজুয়েলাতেও অনুভূত হয়েছে। চোকো প্রদেশের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সান হোসে দেল পালমার শহরের কাছে। প্রাদেশিক রাজধানী কিবদোতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে আহত হয়েছেন।


প্রতিবেশী রিসারালদা প্রদেশের গভর্নর হুয়ান দিয়েগো পাতিনো জানান, পেরেইরা শহরের কয়েকটি ভবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থাপনার সামনের অংশ ধসে পড়ার পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন বলে তিনি জানান।


কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৯৬ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর মাত্রা ৬ দশমিক ৭ এবং গভীরতা ৭৯ কিলোমিটার বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৪ মাত্রা নির্ধারণ করা হয়।


দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে। রাজধানী বোগোটায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেয়র কার্লোস গালান।


এদিকে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের পর কলম্বিয়ায় সুনামির কোনো সতর্কতা বা হুমকি নেই।


ভেনেজুয়েলার তাচিরা রাজ্য এবং মধ্য-পশ্চিমাঞ্চলের বারকিসিমেতো শহরেও ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কর্তৃপক্ষ ভূমিকম্প-পরবর্তী আফটারশকের আশঙ্কায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।