গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্নিয়োগের দাবি
সূত্রঃ ছবি: বিডিমেইল
আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও নিয়োগবঞ্চিত সাধারণ আবেদনকারীরা। তারা বিতর্কিত নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত বা বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগের দাবি জানিয়েছেন।
সোমবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক অনিয়ম করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের সুপারিশের মাধ্যমে আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এতে ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার সাধারণ বেকার যুবকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি তাদের।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত ফলাফল বাতিল, স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা আরও বলেন, অবিলম্বে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বাতিল করা না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করা হবে।
এ ঘটনার প্রতিবাদে এবং একই দাবিতে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে পলাশবাড়ী উপজেলা ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ ও সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়ের নেতৃত্বে সমাবেশে নিয়োগবঞ্চিত আবেদনকারীদের উদ্দেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা, শহীদ জিয়া স্মৃতি সংসদ পলাশবাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম কবির, উপজেলা জাসাসের সদস্য সচিব নাজমুল ইসলাম হানিফ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, শ্রমিক দলের সদস্য সচিব দুলাল, পৌর জাসাসের আহ্বায়ক আল আমিন এবং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ।
এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
তবে নিয়োগে অনিয়মের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।








