‘নিয়োগ বাণিজ্যের জায়গাটা মধুর চাক, চুষলেই জিহ্বায় মজা লাগে’
সূত্রঃ সংগৃহীত
গাইবান্ধা প্রতিনিধি
নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, নিয়োগ বাণিজ্যের জায়গাটাকে অনেকেই মধুর চাক মনে করেন। সেখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় চুরি, দুর্নীতি ও লুটপাট শুরু হয়েছে। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজদের হাত বন্ধ করতে হবে এবং দুর্নীতিবাজদের হাতও বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের স্বার্থে প্রয়োজন হলে একবার নয়, শতবার রাজপথে নামবেন। দেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের এ দেশে থাকার সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘এই পথ পালানোর পথ।’ দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।









