ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩৩
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। একই সময়ে নতুন করে ২ হাজার ৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন করে মারা গেছেন।
একই সময়ে সবচেয়ে বেশি ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩২৩, খুলনা বিভাগে ২৬৭, বরিশাল বিভাগে ২৫৪, রাজশাহী বিভাগে ১৯৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯, ময়মনসিংহ বিভাগে ১১৫, রংপুর বিভাগে ৬২ এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) মারা গেছেন ১১০ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৪৫, ময়মনসিংহে ২০, বরিশালে ১৮, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ১১, রংপুরে পাঁচ এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এমকে/বিএম২৪









