চাঁদাবাজির অভিযোগে শিক্ষার্থীদের হাতে ছাত্রদল নেতা আটক, গণপিটুনির ভিডিও ভাইরাল
সূত্রঃ সংগৃহীত
আনোয়ারুল ইসলাম রনি, রংপুর ব্যুরো:
রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. সিয়াম শেখের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে শিক্ষার্থীরা আটক করে মারধর করেছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে গণপিটুনির পর তাকে কলা খাওয়াতেও দেখা যায়। ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর সরকারি সিটি কলেজের তিন শিক্ষার্থী রংপুর সরকারি কলেজ মাঠে ক্রিকেট খেলা শেষে মেসে ফেরার পথে সিয়াম শেখের সঙ্গে তাদের দেখা হয়। এ সময় নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে গাঁজাসহ তাদের আটক করার ভয় দেখানো হয়। বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদের কাছে ৬ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দাবিকৃত অর্থ কমিয়ে ৩ হাজার টাকা চাওয়া হয়। এতেও রাজি না হওয়ায় তাদের পকেট তল্লাশি এবং মোবাইল ফোনে বিকাশের ব্যালেন্স যাচাই করা হয় বলে অভিযোগ। টাকা না পাওয়ায় কয়েকজন মিলে দুই শিক্ষার্থীকে আটকে রাখা হয় এবং অপর একজনকে সঙ্গে নিয়ে রাধাবল্লভ এলাকার গণি ছাত্রাবাসের পঞ্চম তলায় যাওয়া হয়।
শিক্ষার্থীদের দাবি, সেখান থেকে ১ হাজার টাকা নেওয়ার পরও তাদের ওপর চাপ অব্যাহত থাকে। ওই টাকা দুই শিক্ষার্থী ভাগ করে নিয়েছে উল্লেখ করে আরও টাকা দাবি করা হয়। এমনকি বাবা-মায়ের কাছ থেকেও টাকা এনে দেওয়ার জন্য তাদের বলা হয় বলে অভিযোগ।
পরে রাত আনুমানিক ১১টার দিকে সিয়াম শেখ আবার গণি ছাত্রাবাসে গেলে সেখানে থাকা শিক্ষার্থীরা তাকে আটক করে মারধর করেন বলে জানা গেছে। এ সময় খবর পেয়ে তার কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে শিক্ষার্থীদের মারধর করে তাকে নিয়ে চলে যান বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার বিষয়ে রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন বলেন, রাধাবল্লভ এলাকায় একটি ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হবে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই আরাফাত জানান, রাধাবল্লভে এক শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার টাকা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। থানায় কোনো লিখিত অভিযোগ না থাকায় পরবর্তী তদন্ত করা হয়নি বলে জানান তিনি।
রংপুর মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদার রহমান টিটু জানান, মেসের শিক্ষার্থীদের কাছে টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে ঘটনার পর সিয়াম শেখকে রংপুর মহানগর ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজনের স্বাক্ষরিত বহিষ্কারাদেশে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এমকে/বিএম২৪








