বোরকা পরে ভূমি অফিসে ডিসি, দেখলেন সাধারণ মানুষ কেমন সেবা পাচ্ছেন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
বোরকা পরে ভূমি অফিসে ডিসি, দেখলেন সাধারণ মানুষ কেমন সেবা পাচ্ছেন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ভূমি অফিসে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, কোথাও হয়রানি, ভোগান্তি বা অনিয়ম হচ্ছে কি না—তা সরেজমিনে জানতে সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে গেলেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।


সোমবার (২৮ সেপ্টেম্বর) বোরকা পরে পরিচয় গোপন রেখে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে সাধারণ নাগরিকের মতো ভূমিসেবা নেওয়ার পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।


এ সময় তিনি জানতে চান, ভূমিসেবা নিতে গিয়ে কেউ হয়রানি, অতিরিক্ত অর্থ দাবি, দীর্ঘসূত্রতা কিংবা অন্য কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না।


পাশাপাশি ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবার পরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের আচরণও পর্যবেক্ষণ করেন ফরিদা খানম। সাধারণ সেবাগ্রহীতার দৃষ্টিকোণ থেকে ভূমি অফিসের সেবার বাস্তব চিত্র বোঝার চেষ্টা করেন তিনি।


পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাধারণ মানুষকে দ্রুত, সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার নির্দেশ দেন জেলা প্রশাসক।


ফরিদা খানম বলেন, তিনি নিয়মিত আনুষ্ঠানিকভাবে ভূমি অফিস পরিদর্শন করেন। তবে আনুষ্ঠানিক পরিদর্শনের সময় অনেক ক্ষেত্রে সেবার প্রকৃত চিত্র পুরোপুরি জানা সম্ভব হয় না। সাধারণ মানুষ বাস্তবে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, তা জানতে তিনি সাধারণ সেবাগ্রহীতার পরিচয়ে ভূমি অফিসে গেছেন।


তিনি আরও বলেন, ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে সেবার বাস্তব চিত্র জানা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।


জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ভূমি অফিসগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। আনুষ্ঠানিক পরিদর্শনের পাশাপাশি মাঠপর্যায়ে সেবার প্রকৃত চিত্র জানতে আকস্মিক ও সরেজমিন পর্যবেক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।


এমকে/বিএম২৪