গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের আহ্বান

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের আহ্বান

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি:


ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে পরিবেশের ওপর চাপ কমাতে গ্রামাঞ্চলের নির্মাণকাজে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, বন্যপ্রাণী হত্যা এবং পলিথিন-প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।


রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র মানুষের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, নির্মাণকাজে ইটের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে গ্রামীণ জনপদে ধীরে ধীরে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।


সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের বিষয়ে তিনি বলেন, বিষ প্রয়োগ করে মাছ ধরা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনো এলাকায় বিষ দিয়ে মাছ শিকারকারী বা ‘বিষ দস্যু’ ধরা পড়লে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে।


বন্যপ্রাণী হত্যা বন্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী নিধন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বন ও বন্যপ্রাণী রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সুন্দরবনের দুবলার চরে জেলেদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সেখানে কর্মরত জেলেদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো ভাসমান হাসপাতাল ও ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যন্ত ও দুর্গম এলাকায় থাকা জেলেদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এসব বর্জ্য পরিবেশের পাশাপাশি মানুষ ও সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে উল্লেখ করে তিনি পলিথিন ও প্লাস্টিক বর্জনের আহ্বান জানান।


দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করলেও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বা কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না।


অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী নাবিদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরত জাহান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪