আধুনিক প্রশিক্ষণে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশ সেনাপ্রধানের
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, ২৭ ও ২৮ সেপ্টেম্বর সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসিএন্ডএস) ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সম্মেলনে ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাপ্রধান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সেনাপ্রধান ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন ও বিভিন্ন যন্ত্রপাতির মেরামত ও রক্ষণাবেক্ষণে কোরটির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
এ ছাড়া ইএমই কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকার জন্য কোরের সদস্যদের নির্দেশনা দেন সেনাপ্রধান।
পরে ইএমই কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী উপলক্ষে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ উপভোগ করেন সেনাপ্রধান। এ সময় তিনি কোরের সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
তিনি বলেন, এ ধরনের পুনর্মিলনী ইএমই কোরের সদস্যদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধ আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার জন্য কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
এমকে/বিএম২৪









