রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রকে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াত আমিরের
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের মিরপুর শাখাকে দলীয় তহবিল থেকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করে তিনি এ ঘোষণা দেন। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিদর্শনকালে শফিকুর রহমান বলেন, এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজন হলে আরও সহযোগিতা করা হবে। প্রাথমিকভাবে ঘোষিত সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের মিরপুর শাখায় হামলা চালিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে ফেলা হয়। পরে ভাঙা ভবনের সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ নামে একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার জন্য সরকারি দলের লোকজনকে দায়ী করে জামায়াত আমির বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করতে পারে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের আশ্রয়-প্রশ্রয়ে দেশজুড়ে মব সন্ত্রাস চলছে বলে তিনি মনে করেন। এ ধরনের ঘটনা বন্ধে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমানসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, শফিকুর রহমান ঘোষিত ৫০ লাখ টাকার অনুদান দলটির নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।
এমকে/বিএম২৪









