জুলাইয়ে শেয়ারবাজারে কমল প্রায় ২৩ হাজার বিও হিসাব

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম
জুলাইয়ে শেয়ারবাজারে কমল প্রায় ২৩ হাজার বিও হিসাব

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


দীর্ঘদিনের মন্দা কাটিয়ে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতার আভাস মিললেও সদ্য সমাপ্ত জুলাই মাসে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব উল্লেখযোগ্যভাবে কমেছে। মাসজুড়ে প্রায় ২৩ হাজার বিও হিসাব বন্ধ হয়েছে, যা বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


শেয়ারবাজারে লেনদেনের জন্য ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে খোলা বিনিয়োগকারীর হিসাবই হলো বিও হিসাব। এই হিসাব ছাড়া শেয়ারবাজারে লেনদেন করা যায় না। বিও হিসাবের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।


সিডিবিএলের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত দেশে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ৩৬৫টি। জুন মাস শেষে এ সংখ্যা ছিল ১৬ লাখ ৭৫ হাজার ২৫২টি। অর্থাৎ এক মাসে ২২ হাজার ৮৮৭টি বিও হিসাব কমেছে। জুলাই মাসে মোট ২৫ কার্যদিবসে লেনদেন হওয়ায় প্রতিদিন গড়ে ৯১৫টি করে বিও হিসাব কমেছে।


দেশীয় বিনিয়োগকারীদের মধ্যেই বিও হিসাব কমার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে। বর্তমানে স্থানীয় বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১৫ লাখ ৯২ হাজার ১৪৬টি, যা জুন শেষে ছিল ১৬ লাখ ১৩ হাজার ৭২৪টি। অর্থাৎ এক মাসে স্থানীয় বিনিয়োগকারীদের ২১ হাজার ৫৭৮টি বিও হিসাব কমেছে। প্রতিদিন গড়ে কমেছে ৮৬৩টি হিসাব।


অন্যদিকে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাবও কমেছে। বর্তমানে এ শ্রেণির বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ৪২ হাজার ৩টি, যা জুন শেষে ছিল ৪৩ হাজার ১৮৩টি। ফলে এক মাসে ১ হাজার ১৮০টি হিসাব কমেছে, যা প্রতিদিন গড়ে ৪৭টি।


লিঙ্গভিত্তিক হিসাবেও কমেছে বিনিয়োগকারীর সংখ্যা। বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ৪৫ হাজার ৫৬১টি, যা জুন শেষে ছিল ১২ লাখ ৬২ হাজার ৭৮৯টি। ফলে এক মাসে পুরুষদের ১৭ হাজার ২২৮টি হিসাব কমেছে। একই সময়ে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৩ লাখ ৯৪ হাজার ১১৮টি থেকে কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৮৮টিতে। অর্থাৎ নারী বিনিয়োগকারীদের ৫ হাজার ৫৩০টি হিসাব কমেছে।


একক ও যৌথ বিও হিসাবের ক্ষেত্রেও কমতির ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে একক নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ২৫৭টি, যা জুন শেষে ছিল ১২ লাখ ১৫ হাজার ২৮৫টি। ফলে এক মাসে একক হিসাব কমেছে ১৫ হাজার ২৮টি। অন্যদিকে যৌথ নামে বিও হিসাব ৪ লাখ ৪১ হাজার ৬২২টি থেকে কমে ৪ লাখ ৩৩ হাজার ৮৯২টিতে নেমে এসেছে। এতে যৌথ হিসাব কমেছে ৭ হাজার ৭৩০টি।


এ ছাড়া কোম্পানির বিও হিসাবও কমেছে। বর্তমানে কোম্পানির নামে বিও হিসাব রয়েছে ১৮ হাজার ২১৬টি, যা জুন শেষে ছিল ১৮ হাজার ৩৪৫টি। অর্থাৎ এক মাসে কোম্পানির বিও হিসাব কমেছে ১৯২টি।



এমকে/বিএম২৪