বৃষ্টিতে ভেস্তে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের সরাসরি টিকিটের আশা
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে আয়ারল্যান্ডের। আফ্রিকায় অনুষ্ঠিতব্য আসরের মূল পর্বে খেলতে এখন তাদের কোয়ালিফায়ার বা প্লে-অফের কঠিন পথ পাড়ি দিতে হবে। ব্র্যাডিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বর্তমানে আইসিসি পুরুষদের ওয়ানডে র্যাংকিংয়ে ১১তম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে আগামী ৩০ সেপ্টেম্বরের কাট-অফের আগে আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে হারানোর পাশাপাশি ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচেই পরাজিত হতে হতো। সেই সমীকরণ মিললে আয়ারল্যান্ড র্যাংকিংয়ে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে ছাড়িয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারত। তবে বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেসে যাওয়ায় সেই সম্ভাবনার ইতি ঘটেছে।
এর আগেও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি আয়ারল্যান্ড। সেবার কোয়ালিফায়ার টুর্নামেন্টের ‘সুপার সিক্স’ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
এখন ১০ দলের বিশ্বকাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে অংশ নিতে হবে আইরিশদের। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের মূল ১২ দলের আসরে জায়গা পাবে। অন্যদিকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো ‘সুপার সিরিজ’-এ খেলবে। সেখানে শীর্ষে থাকা দলটিই মূল পর্বের শেষ টিকিট নিশ্চিত করবে।
২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের ওয়ানডে র্যাংকিং অনুযায়ী আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া নিচের সারির দুটি পূর্ণ সদস্য দেশ, ক্রিকেট বিশ্বকাপ লিগ–২-এর শীর্ষ চার দল এবং বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ থেকে উঠে আসা চার দল নিয়ে হবে ১০ দলের কোয়ালিফায়ার।
অন্যদিকে প্লে-অফে খেলবে লিগ–২-এর পয়েন্ট তালিকার নিচের চারটি দল এবং ক্রিকেট চ্যালেঞ্জ লিগের চারটি দল। আট দলের এই প্রতিযোগিতা থেকে সেরা চার দল বিশ্বকাপ কোয়ালিফায়ারে জায়গা করে নেবে। যদিও প্লে-অফের চূড়ান্ত ফরম্যাট এখনও ঘোষণা করা হয়নি।
এমকে/বিএম২৪









