রদ্রিকে পেতে বার্সার ৫৬ মিলিয়নের প্রস্তাবও ফিরিয়ে দিলো সিটি
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার দেওয়া দ্বিতীয় প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। কাতালান ক্লাবটি ৫১.৩ মিলিয়ন পাউন্ডের সঙ্গে আরও ৫ মিলিয়ন পাউন্ড অ্যাড-অন মিলিয়ে মোট ৫৬.৩ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। তবে সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে ফিরিয়ে দিয়েছে সিটি।
এর আগে বার্সেলোনার প্রথম প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল ইংলিশ ক্লাবটি। রদ্রিকে ছাড়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে সিটি জানিয়েছে, এই মিডফিল্ডারকে পেতে হলে বার্সেলোনাকে অন্তত ৭০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে।
এখন প্রশ্ন, রদ্রিকে পেতে বার্সেলোনা আরও বড় প্রস্তাব দেবে কি না। নাকি পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপাতত অপেক্ষার সিদ্ধান্ত নেবে ক্লাবটি।
দীর্ঘদিন ধরে ম্যানচেস্টার সিটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রি। তার সময়ে ক্লাবটি চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই স্প্যানিশ মিডফিল্ডারের।
তবে আগামী বছরের জুনে সিটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। নতুন চুক্তিতে রদ্রি আগ্রহী নন বলেও জানা গেছে।
রদ্রি চলে গেলে তার জায়গায় চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার পরিকল্পনা করছে সিটি। তবে ফার্নান্দেজের জন্য ১২০ মিলিয়ন পাউন্ড মূল্য নির্ধারণ করেছে চেলসি। নির্ধারিত সময়ের মধ্যে পুরো অর্থ পরিশোধ করা হলেই কেবল তাকে ছাড়ার বিষয়টি বিবেচনা করবে তারা।
এদিকে চলতি গ্রীষ্মে ক্লাব রেকর্ড ১১৬ মিলিয়ন পাউন্ড খরচ করে এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে ফার্নান্দেজের জন্য চেলসির চাওয়া ১২০ মিলিয়ন পাউন্ড পরিশোধ করা সিটির জন্য কঠিন হতে পারে। তাই কম মূল্যে চুক্তির চেষ্টা করতে পারে ইংলিশ ক্লাবটি।
এমকে/বিএম২৪








