ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির হাল ধরবেন কে?
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি করার আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে জোরালো। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সংসদ সদস্য পদ শূন্য হবে। ফলে সম্ভাব্য উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নানা আলোচনা।
বর্তমানে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মির্জা ফখরুলের বড় মেয়ে ড. শামারুহ মির্জা। বাবার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রেখে তিনি ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করতে পারেন—এমন আলোচনা রয়েছে স্থানীয় বিএনপিতে। সর্বশেষ জাতীয় নির্বাচনেও বাবার পক্ষে প্রচারে সক্রিয় ছিলেন তিনি। ফলে এলাকার নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।
পেশাগত জীবনে ড. শামারুহ মির্জা চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করলেও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিজস্ব পরিচিতি তৈরি করেছেন। তবে তিনি উপনির্বাচনে প্রার্থী হবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থাকা এই নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে স্থানীয় সাংগঠনিক ভিত্তি, জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা ও ভোটারদের কাছে গ্রহণযোগ্যতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। এ বিবেচনায় ফয়সল আমীনের নামও আলোচনায় রয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনটি মির্জা ফখরুলের দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটি। ১৯৪৮ সালে ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া এই নেতার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও দীর্ঘদিনের। তার বাবা মির্জা রুহুল আমিন, যিনি ‘চখা মিয়া’ নামে পরিচিত ছিলেন, কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বড় চাচা মির্জা গোলাম হাফিজও ছিলেন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি ভূমিমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ফলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শুধু নতুন একজন সংসদ সদস্য নির্বাচনের বিষয় হবে না। এর মধ্য দিয়ে স্থানীয় বিএনপির নেতৃত্বের ভবিষ্যৎ সমীকরণও অনেকটা নির্ধারিত হতে পারে।
এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী হিসেবে ড. শামারুহ মির্জা ও মির্জা ফয়সল আমীনের নামই বেশি আলোচিত হচ্ছে। তবে দলীয় সিদ্ধান্তের আগে আরও কোনো নাম সামনে আসতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থিতা চূড়ান্ত করার পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আলোচনায় থাকা কোনো নামকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে দেখার সুযোগ নেই।
এমকে/বিএম২৪








