তিন নতুন গল্পে তিন রূপে মাহি

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম
তিন নতুন গল্পে তিন রূপে মাহি

সূত্রঃ ফাইল ছবি

বিনোদন ডেস্ক



ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি নতুন তিনটি কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন। এর মধ্যে রয়েছে দুটি মিনি সিরিজ ও একটি একক নাটক। তিনটি কাজেই ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।


মাহির নতুন দুই মিনি সিরিজের নাম ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’। পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের নানা দিক নিয়ে নির্মিত হয়েছে ‘কর্মফল’। মহিন খান পরিচালিত এই সিরিজে মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুসহ আরও অনেকে।


অন্যদিকে মোহাম্মদ ওমর ফারুক পরিচালনা করেছেন ‘মায়ার সংসার’। এই সিরিজে মাহির সহশিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। দুটি সিরিজই শিগগির ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


এদিকে দুই মিনি সিরিজের পাশাপাশি মাহির নতুন একক নাটকও মুক্তি পাচ্ছে। রোম্যান্টিক গল্পের নাটকটির নাম ‘কথা দিলাম’। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নাটকটি ইউটিউবে প্রকাশের কথা রয়েছে।


নতুন এই তিন কাজ ঘিরে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে। ভিন্ন গল্প ও চরিত্রে সামিরা খান মাহিকে তিন রূপে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।



এমকে/বিএম২৪