বিয়ের প্রলোভনে প্রতারণা: হাটহাজারীর নকশাকার মমিনুলের ৫ বছরের জেল
সূত্রঃ সংগৃহীত
মোহাম্মদ ইব্রাহিম ; চট্টগ্রাম প্রতিনিধি
এক নারীর সঙ্গে বিয়ের সম্পর্কের বিশ্বাস তৈরি করে প্রতারণার মামলায় চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার নকশাকার মো. মমিনুল হককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পেনাল কোডের ৪৯৩ ধারায় মমিনুল হককে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
মমিনুল হক মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট এলাকার হাজী মুনসী মিয়ার বাড়ির মজিবুল হকের ছেলে।
আদালত সূত্র জানায়, এক নারীর সঙ্গে বিয়ের সম্পর্কের বিশ্বাস তৈরি করে তার সঙ্গে দাম্পত্য জীবনযাপন ও পরে প্রতারণার অভিযোগে মমিনুল হকের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। মামলার বিচার শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন মমিনুল হক। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সাজা পরোয়ানার ভিত্তিতে কারাগারে রয়েছেন।
পেনাল কোডের ৪৯৩ ধারায় কোনো নারীকে প্রতারণার মাধ্যমে বৈধভাবে বিয়ে হয়েছে—এমন বিশ্বাস করিয়ে তার সঙ্গে সহবাস বা দাম্পত্য সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
এমকে/বিএম২৪








