গণভোট সংসদে প্রতিফলিত হবে, রাষ্ট্রপতি নির্বাচন আলাদা: গয়েশ্বর
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণভোট এবং রাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয়। গণভোটের সিদ্ধান্ত পুরোপুরি মানা বা না মানার সুযোগ থাকলেও বিএনপি গণভোটের রায় মেনে নেবে। পর্যায়ক্রমে এর প্রতিফলন সংসদে ঘটানো হবে।
রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়। বিরোধী পক্ষ এ নির্বাচনে অংশ নেওয়ায় তাদের স্বাগত জানানো উচিত।
গয়েশ্বর বলেন, নির্বাচনে তাদের কত ভোট রয়েছে, তা জানা সত্ত্বেও তারা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছে। এতে গণতন্ত্রের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সমন্বয়ের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির পরবর্তী মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী কে হবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এ জন্য অপেক্ষা করতে হবে, পরে জানা যাবে।’
এমকে/বিএম২৪








