রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ: ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি
সূত্রঃ সংগৃহীত
ঢাবি প্রতিনিধি
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় করণীয় ও সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।
বুধবার (১২ আগস্ট) কমিটিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে কমিটিতে আরও রয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন। কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার উদ্দেশ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন। বিষয়টি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।
ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষকের এমন কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ করা হয়। এর মধ্যে ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের ভাষ্য, শনাক্ত শিক্ষকদের বিষয়ে কমিটি বিস্তারিতভাবে অনুসন্ধান করবে। তদন্তে নতুন কোনো শিক্ষকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাকেও একই প্রক্রিয়ায় যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য এবং তদন্ত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
এমকে/বিএম২৪








