রাষ্ট্রপতি নির্বাচন নিয়ম রক্ষার নয়: চিফ হুইপ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ম রক্ষার নয়: চিফ হুইপ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কোনোভাবেই ‘নিয়ম রক্ষার নির্বাচন’ হিসেবে দেখছেন না জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাই গণতন্ত্রের সৌন্দর্য। বিরোধী জোটের প্রার্থী মনোনয়ন দেওয়াকে তিনি স্বাগত জানিয়েছেন।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে বিএনপি ও দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ হুইপ।


নূরুল ইসলাম বলেন, সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হওয়ার কথা, ঠিক সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।


চিফ হুইপ জানান, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। বৃহস্পতিবার তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এতে প্রস্তাবক হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় স্বাক্ষর করেছেন।


তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন।


সংবিধান সংস্কার প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, সরকার জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে নতুন করে সংবিধান লেখার প্রয়োজন নেই। প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে সংবিধান সংস্কার করা হবে।


তিনি বলেন, একটি কমা পরিবর্তন করাও সংবিধান সংস্কারের অংশ। আগামী প্রজন্মের জন্য কার্যকর, টেকসই ও দীর্ঘস্থায়ী সাংবিধানিক কাঠামো গড়ে তুলতে সবার মতামত নিয়ে কাজ করা হবে।



এমকে/বিএম২৪