ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ এএম
ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


ব্যাট হাতে আবারও ব্যর্থ বাংলাদেশ। তবে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।


গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রানের বেশি করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। ফলে ৩৪ রানের জয় নিয়ে বি গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে ইন্দোনেশিয়াকেও হারিয়েছিল তারা।


টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ৮ রানে দুই উইকেট হারানোর পর জুরাইরা ও নিগার সুলতানা ২৯ রানের জুটি গড়েন। এরপর আবারও শুরু হয় ব্যাটিং ধস। ৫৫ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।


শেষদিকে শারমিন আক্তার ও নাহিদার ৪২ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় দলটি। শারমিন ৩১ বলে ৩৮ রান করে ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। নাহিদা করেন ১৬ রান। আর নিগার সুলতানা করেন ২৩ রান। আমিরাতের হয়ে সুরক্ষা কোট্টে তিনটি উইকেট নেন।


১০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপে পড়ে আমিরাত। ইনিংসের চতুর্থ বলেই দুর্দান্ত ইনসুইংয়ে প্রতিপক্ষ অধিনায়ক এশা ওঝাকে বোল্ড করেন মারুফা আক্তার। পরের ওভারেই সামাইরা ধরনীধরকাকে ফিরিয়ে দেন তিনি।


পাওয়ারপ্লেতে তিন ওভার বল করে মাত্র ৬ রান দেন মারুফা। ৬ ওভার শেষে আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৫ রান। পরে নবম ওভারে ফিরে নিজের চার ওভারের স্পেল শেষ করেন ৯ রান দিয়ে দুই উইকেট নিয়ে।


অন্য প্রান্তে অফস্পিনে আমিরাতের ব্যাটারদের চাপে রাখেন সুলতানা খাতুন। ১০ ওভার শেষে আমিরাতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৪ রান। এরপর তীর্থা সতীশের বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে বাংলাদেশের হাতে।


ব্যাট হাতে ১৬ রান করা নাহিদা আক্তার বল হাতে নেমে জোড়া আঘাত করেন। এরপর রাবেয়া খানও তিন উইকেট নিয়ে আমিরাতের ব্যাটিং লাইনআপে ধস নামান।


শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রানেই থামে আমিরাতের ইনিংস। বাংলাদেশের বোলাররা পুরো ইনিংসে ৭০টি ডট বল করেন।


দুর্দান্ত বোলিংয়ে জয় নিশ্চিত হওয়ার পর অভিনব উদযাপনে মাতেন বাংলাদেশের ক্রিকেটাররা। এক হাত ওপরে তুলে অন্য হাতের তর্জনী ঠোঁটে চেপে ধরে সমালোচকদের যেন নীরব থাকার বার্তাই দেন তারা।