যবিপ্রবিতে মার্শাল আর্ট কোর্সের সমাপনী ও নতুন ব্যাচের বরণ

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ এএম
যবিপ্রবিতে মার্শাল আর্ট কোর্সের সমাপনী ও নতুন ব্যাচের বরণ

সূত্রঃ বিডি মেইল

সাকিবুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তিন মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী, চতুর্থ ব্যাচের বরণ ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহযোগিতায় এবং ‘জাস্ট স্পোর্টস ক্লাব’-এর উদ্যোগে কাজী নজরুল ইসলাম একাডেমি ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে এ আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।


জাতীয় সংগীত, পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মার্শাল আর্ট কোর্সের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং চতুর্থ ব্যাচের নবীন প্রশিক্ষণার্থীদের বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে নিয়মিত ব্যাচের শিশু প্রশিক্ষণার্থীদের বেল্ট ও ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়।


জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনা দুই কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্প্রতি অনুষ্ঠিত ‘সিলেট উশু চ্যাম্পিয়নশিপ’-এ রৌপ্যপদক অর্জন করায় তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।


জাস্ট স্পোর্টস ক্লাবের বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে যবিপ্রবি প্রেসক্লাবের আমন্ত্রিত নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর মার্শাল আর্ট প্রদর্শনী। এতে খালি হাতে আত্মরক্ষার কৌশল, লাঠি ও তলোয়ার খেলা, শিশুদের তাই-চি প্রদর্শন এবং কিক দিয়ে উইকেট ভাঙার কৌশল তুলে ধরা হয়।


পরে অতিথিদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।