জাতিসংঘের বাইরে কোনো নির্দেশনা নেব না: খলিলুর রহমান
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় সংস্থাটির বাইরে কোনো সরকার বা অন্য কোনো উৎসের নির্দেশনা গ্রহণ করবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শপথবাক্যে খলিলুর রহমান বলেন, জাতিসংঘের সনদ ও সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধি অনুসরণ করে সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা, বিবেক ও সততার সঙ্গে তিনি দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি জাতিসংঘের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের বিষয়ে জাতিসংঘের বাইরে কোনো সরকার বা অন্য কোনো উৎসের কাছ থেকে তিনি নির্দেশনা চাইবেন না বা গ্রহণ করবেন না।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে সভাপতিত্বের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেছেন খলিলুর রহমান। তার দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে আবারও কোনো বাংলাদেশি দায়িত্ব পেলেন।
এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
গত ২ জুন সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন।
আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।








