বিশ্বকাপের নায়ক ভোজিনহাকে উচ্ছ্বসিত অভ্যর্থনা চিলিতে
সূত্রঃ ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর অবশেষে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর হয়ে খেলতে সান্তিয়াগো পৌঁছেছেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার এভোরা ডিয়াস, যিনি ‘ভোজিনহা’ নামেই বিশ্বজুড়ে পরিচিত। বিমানবন্দরে পৌঁছানোর পর শত শত সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
রোববার রাতে সান্তিয়াগোর আর্তুরো বেনিতেজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পতাকা, ব্যানার, ঢাক-ঢোল ও স্লোগানে নতুন এই তারকাকে বরণ করে নেন কোলো কোলোর সমর্থকরা। সমর্থকদের এমন ভালোবাসায় অভিভূত ভোজিনহা বলেন, “এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ। মনুমেন্টাল স্টেডিয়ামে আপনাদের সঙ্গে দেখা হবে।”
গত ২৪ জুলাই ভোজিনহার সঙ্গে চুক্তির ঘোষণা দেয় চিলির সফলতম ক্লাব কোলো কোলো। তবে প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যক্তিগত কিছু জটিলতার কারণে তার চিলিতে আগমন তিন দফা পিছিয়ে যায়।
চিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের জার্সিতে কেবল পারিবারিক নাম ব্যবহার করা হয়। তবে ভোজিনহার ব্যাপক জনপ্রিয়তার কারণে চিলিয়ান ফুটবল ফেডারেশন বিশেষ সিদ্ধান্ত নিয়ে তাকে তার পরিচিত ডাকনাম ‘ভোজিনহা’ জার্সিতে ব্যবহারের অনুমতি দিয়েছে।
চিলিতে যোগ দেওয়ার আগে তিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসের হয়ে খেলেছেন। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র নিশ্চিত করা এবং উরুগুয়ে ও মেক্সিকোর বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি বিশ্ব ফুটবলে আলোচনায় উঠে আসেন। টুর্নামেন্ট শুরুর আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল ৫০ হাজারেরও কম, যা বিশ্বকাপ শেষে বেড়ে ২৯ দশমিক ৫ মিলিয়নের বেশি হয়েছে।
সোমবার তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর মঙ্গলবার থেকে কোলো কোলোর অনুশীলনে যোগ দেবেন এই গোলরক্ষক। নতুন মৌসুমে লিগ শিরোপা জিতে কোপা লিবার্তাদোরেসে শক্ত অবস্থান নিশ্চিত করাই এখন কোলো কোলোর প্রধান লক্ষ্য।
এমকে/বিএম২৪









