এক বছরের বেশি সময় পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম
এক বছরের বেশি সময় পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

সূত্রঃ ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক


মস্তিষ্কে টিউমারের চিকিৎসা শেষে এক বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।


ইলিয়াস কাঞ্চনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম কলিন্স। তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ‘নিরাপদ নিউজ’-এর সংবাদকর্মী সোহাগ এবং নিসচার সহসভাপতি লিটন এরশাদ।


তবে এবারের সফরটি স্বল্প সময়ের জন্য। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১৪ আগস্টের মধ্যে তাকে আবারও লন্ডনে ফিরতে হবে। ১৫ আগস্ট সেখানে তার কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা রয়েছে।


ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন এ পর্যন্ত প্রায় ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। দীর্ঘ চিকিৎসার প্রভাবে তার শারীরিক অবস্থায়ও পরিবর্তন এসেছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তোলা একটি ছবিতে তাকে শুভ্র চুল-দাড়িতে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখা গেছে।


নিসচার সহসভাপতি লিটন এরশাদ জানান, দীর্ঘ চিকিৎসার পরও প্রত্যাশিত উন্নতি না হওয়ায় পরিবারের উদ্বেগ রয়েছে। তবু লন্ডনে তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ইলিয়াস কাঞ্চনের দেশে ফেরার প্রবল ইচ্ছার কারণেই পরিবারের সিদ্ধান্তে তাকে অল্প সময়ের জন্য দেশে আনা হচ্ছে।


উন্নত চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারের অবস্থান ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরোপুরি অপসারণ সম্ভব হয়নি। এরপর থেকে কেমোথেরাপির মাধ্যমে তার চিকিৎসা চলমান রয়েছে।


উল্লেখ্য, ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত ইলিয়াস কাঞ্চন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদকেও ভূষিত হয়েছেন।