কওমি দলগুলোর ঐক্যে অনিশ্চয়তা, হেফাজতের উদ্যোগে ধীরগতি

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম
কওমি দলগুলোর ঐক্যে অনিশ্চয়তা, হেফাজতের উদ্যোগে ধীরগতি

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার ইসলামি দলগুলোকে নিয়ে জামায়াতে ইসলামীর বাইরে পৃথক রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের পরিকল্পনা আপাতত অনিশ্চয়তার মুখে পড়েছে। ধর্মীয়সহ বিভিন্ন ইস্যুতে দলগুলো একসঙ্গে আন্দোলনে থাকলেও দ্রুত রাজনৈতিক জোটে রূপ নেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্যে ইঙ্গিত মিলেছে।


গত ১৬ জুলাই সাতটি ইসলামি দলকে নিয়ে নতুন জোট গঠনের উদ্যোগ নেয় হেফাজতে ইসলাম। লক্ষ্য ছিল জামায়াত নেতৃত্বাধীন জোটের বাইরে ইসলামপন্থি দলগুলোর জন্য একটি স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা। এ উদ্দেশ্যে দলগুলোকে ৩ আগস্টের মধ্যে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছে নিজ নিজ প্রস্তাবনা জমা দিতে বলা হয়।


তবে সোমবার দুপুর পর্যন্ত সাত দলের মধ্যে অন্তত দুটি দল কোনো প্রস্তাব জমা দেয়নি। এর একটি বিএনপি জোট ছেড়ে আসা জমিয়তে উলামায়ে ইসলাম এবং অন্যটি জামায়াতের জোটসঙ্গী মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।


দলগুলোর নেতারা জানিয়েছেন, সাত দলকে নিয়ে রাজনৈতিক জোট গঠনের মতো বাস্তবতা এখনো তৈরি হয়নি। পাশাপাশি হেফাজতের উদ্যোগের কারণেই খেলাফত মজলিস বা বাংলাদেশ খেলাফত আন্দোলন জামায়াতের জোট থেকে সরে এসেছে—এমন ধারণাও সঠিক নয় বলে তারা মনে করছেন।


বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, সাত দলের সম্ভাব্য ঐক্য জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে কোনো প্রভাব ফেলবে না। তাঁর মতে, অন্য জোটে থেকেও সাত দলের মধ্যে সমন্বয় গড়ে তোলা সম্ভব।


অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেন, রাজনৈতিক ও ধর্মীয় ঐক্যের বিষয়টি এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে জামায়াতের জোটে এবং নতুন সাত দলের জোটে থাকা কোনো দলের সঙ্গে ইসলামী আন্দোলন আলাদা করে জোট করবে না বলেও তিনি জানান।


এদিকে হেফাজতের আমিরের কাছে পাঠানো প্রস্তাবনাগুলোতে ধর্মীয় ইস্যুর পাশাপাশি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সব দলের মতামত পাওয়ার পর একটি সমন্বিত খসড়া প্রস্তুত করা হবে। এ কাজ করবেন হেফাজতের নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন, মহাসচিব মাওলানা সাজেদুর রহমানসহ ছয় সদস্যের একটি কমিটি।


হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস জানান, দলগুলোর পাঠানো প্রস্তাব পর্যালোচনায় ৫ আগস্ট বৈঠকের পরিকল্পনা রয়েছে। এরপর সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আবারও আলোচনা হবে। তিনি বলেন, রাজনৈতিক ঐক্য গঠন সহজ বিষয় নয়। অতীতে তা সম্ভব হয়নি, ভবিষ্যতেও নিশ্চিতভাবে হবে—এমন আশা করা কঠিন। তবুও হেফাজত ঐক্যের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী বলেন, হেফাজত সাতটি দলকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনতে চায়। তবে এটি ধর্মীয় নাকি রাজনৈতিক ঐক্য হবে, তার পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়।



এমকে/বিএম২৪