৫ আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। আগামী ৫ আগস্ট, সরকার পতনের দুই বছর পূর্তির দিনে ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন শেখ হাসিনা।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্যানেলে আরও থাকবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।
রাজনীতিতে যুক্ত হওয়ার পর এই প্রথম শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও, একই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় তার সংসদ সদস্য পদও বাতিল হয়ে যায়।
রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করা সাকিব রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে খুব কমই মন্তব্য করেছেন। তাই শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে তার উপস্থিতি রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য দিতে পারেন বলে জানা গেছে। তবে তিনি সরাসরি উপস্থিত থাকবেন না; অডিওর মাধ্যমে যুক্ত হবেন বলে জানিয়েছেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।
ড. ওয়ায়েল আউয়াদ বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতির অংশ হিসেবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, গত ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশের হাইকমিশনারকে একাধিকবার ক্লাবে বক্তব্য দেওয়ার এবং সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও তিনি সাড়া দেননি। ভারত সরকারের পক্ষ থেকেও এ আয়োজন নিয়ে কোনো আপত্তি বা বাধা দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর তথ্য অনুযায়ী, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই ভার্চুয়াল সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে বিভিন্ন আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।
এমকে/বিএম২৪








