‘জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না’
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
কর্নেল (অব.) অলি আহমেদের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, “জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না। আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ।”
রোববার (২ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে কর্নেল অলি আহমেদ রাশেদ খানকে উদ্দেশ করে তার পরিবার নিয়ে মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন তিনি।
পোস্টে রাশেদ খান বলেন, একজন বর্ষীয়ান নেতা হয়েও তার বাবা-মাকে নিয়ে ‘ঘৃণ্য’ মন্তব্য করে অলি আহমেদ নিজের পরিচয় তুলে ধরেছেন। এরপরও তিনি ব্যক্তিগতভাবে সম্মান বজায় রেখেই জবাব দিচ্ছেন বলে উল্লেখ করেন।
তিনি দাবি করেন, বিএনপি সরকারের পতন নিয়ে অলি আহমেদের এক সপ্তাহের হুমকির প্রসঙ্গ তুলে ধরে তিনি আগে গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে উল্লেখ করা মাসুদ করিমের সঙ্গে অলি আহমেদের সম্পর্কের বিষয়টি সামনে এনেছিলেন। এ বিষয়ে অলি আহমেদের কাছে প্রকাশ্যে ব্যাখ্যাও চান রাশেদ খান।
রাশেদ খান আরও অভিযোগ করেন, তাকে ‘র’ বা মোসাদের এজেন্ট বলা হলেও অতীতে তিনি আধিপত্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। বিপরীতে অলি আহমেদ তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থার সঙ্গে আপস করে বিরোধী আন্দোলন দুর্বল করার চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন তিনি।
জামায়াত প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির কাছ থেকে বেশি আসন চাওয়ার পর শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোটে যোগ দেওয়াই প্রমাণ করে যে তিনি জামায়াতের পক্ষেই ছিলেন।
নিজের রাজনৈতিক জীবন তুলে ধরে রাশেদ খান বলেন, তিনি কোনো পারিবারিক পরিচয়ের কারণে নয়, একজন শ্রমিকের সন্তান হিসেবে নিজের যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তবে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে কর্নেল (অব.) অলি আহমেদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাই অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।








