তিন বছর পর মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম
তিন বছর পর মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


গাজা যুদ্ধের কারণে প্রায় তিন বছর বন্ধ থাকার পর আবারও মাঠে ফিরছে ফিলিস্তিনের ফুটবল লিগ। আগামী ৪ সেপ্টেম্বর থেকে দেশটিতে ফুটবলসহ ক্রীড়া কার্যক্রম পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।


সোমবার (১০ আগস্ট) রামাল্লায় এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজউব জানান, ৪ সেপ্টেম্বর থেকে ফুটবল অ্যাসোসিয়েশনের লিগ ও অন্যান্য ক্রীড়া কার্যক্রম শুরু হবে।


২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর শুরু হওয়া যুদ্ধের কারণে ফিলিস্তিনের পেশাদার ফুটবলসহ সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর এবার নতুন করে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে দেশটির ফুটবল অঙ্গন।


প্রথম টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে ‘থাউজেন্ড মার্টায়ার্স কাপ’। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুদ্ধে ইসরায়েলি হামলায় দেশটির ১ হাজার ১৪ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। তাদের স্মরণে টুর্নামেন্টটির এমন নামকরণ করা হয়েছে।


টুর্নামেন্টে দুই শতাধিক ক্লাব অংশ নেবে। এর মধ্যে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননে থাকা ফিলিস্তিনি শরণার্থী শিবিরের ৩৬টি ক্লাব রয়েছে। তিনটি অঞ্চলে একই সময়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।


জিবরিল রাজউব বলেন, যুদ্ধের কারণে ফিলিস্তিনিদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর প্রভাব পড়েছে ক্রীড়া কার্যক্রমেও। তবে ফিলিস্তিনিরা তাদের জাতীয় ইচ্ছাশক্তি ও খেলাধুলার প্রতি বিশ্বাস হারায়নি। খেলাধুলা তাদের কাছে আশা ও জীবনের প্রতীক হয়ে থাকবে।


তিনি আরও জানান, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাবগুলো বর্তমানে কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ফিফাসহ বিশ্বের অন্যান্য ফুটবল ফেডারেশনকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে খেলোয়াড়, ক্লাব ও শিশুদের স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে খেলাধুলা করার অধিকার নিশ্চিত করার দাবি জানান।