কখনো বলিনি, অভিনয় আর করব না: হাসান মাসুদ
সূত্রঃ ফাইল ছবি
বিনোদন ডেস্ক
সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন অভিনেতা হাসান মাসুদ। এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন, আপাতত অভিনয় থেকে দূরে আছেন এবং হজ করে ফেরার পর ধর্মীয় কাজে বেশি মনোযোগ দিচ্ছেন। এরপরই অনেকে ধারণা করেন, অভিনয় থেকে হয়তো পুরোপুরি সরে গেছেন এই অভিনেতা।
তবে এমন ধারণা সঠিক নয় বলে জানিয়েছেন হাসান মাসুদ। এক সাক্ষাৎকারে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না। তবে মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে আর অভিনয় করব না।’
হাসান মাসুদ জানান, ভালো গল্প ও চরিত্র পেলে এখনো অভিনয়ে ফিরতে আগ্রহী তিনি। একই সঙ্গে ধর্মচর্চার সঙ্গে অভিনয়কে সাংঘর্ষিক মনে করেন না এই অভিনেতা।
তিনি বলেন, ধর্ম পালন করার পাশাপাশি শুটিং সেটেও নামাজ আদায় করা সম্ভব। ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ছেন উল্লেখ করে হাসান মাসুদ জানান, গত চার-পাঁচ বছরে যাদের সঙ্গে কাজ করেছেন, তারা বিষয়টি জানেন। শুটিংয়ের সময়ও সহকর্মী ও পরিচালকেরা তাকে নামাজ পড়ার সুযোগ করে দিতেন।
হজ করে দেশে ফেরার পর ইতোমধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন হাসান মাসুদ। ভবিষ্যতেও পছন্দসই গল্প ও কাজ পেলে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেন হাসান মাসুদ। পরে অবসর নিয়ে সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর নাটকেও জনপ্রিয়তা পান তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’। অভিনয়ের পাশাপাশি গানও করেছেন হাসান মাসুদ। ২০০৬ সালে প্রকাশিত হয় তার একটি গানের অ্যালবাম।
এমকে/বিএম২৪








