কোচ নিয়োগে অনিয়মের অভিযোগ, দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম
কোচ নিয়োগে অনিয়মের অভিযোগ, দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক



দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের সাবেক প্রধান কোচ হংক মিয়াং-বোর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) কার্যালয়ে তল্লাশি চালিয়েছে সিউল পুলিশ। ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টিসংক্রান্ত একটি অভিযোগের তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।


জানা গেছে, ২০২৪ সালে কয়েক মাস ধরে বিদেশি কোচ খোঁজার পর হঠাৎ করেই সেই প্রক্রিয়া বন্ধ করে কেএফএ। পরে সংক্ষিপ্ত একটি বৈঠকের পর হংক মিয়াং-বোকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই নিয়োগের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন ওঠে।


পরবর্তীতে ফিফা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক পারফরম্যান্স এবং গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সংসদীয় শুনানিতে হংক মিয়াং-বো বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ অস্বীকার করলেও দলের ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নেন।


এর আগে ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় জানায়, হংক মিয়াং-বো এবং সাবেক কোচ জার্গেন ক্লিন্সম্যানের নিয়োগে কেএফএ নিজেদের নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করেনি। তবে সে সময় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সরাসরি প্রমাণ পাওয়া যায়নি।


বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো বেআইনি বা অনৈতিক হস্তক্ষেপ হয়েছিল কি না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেএফএ বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।



এমকে/বিএম২৪