ব্র্যান্ড দুনিয়ায় শাহরুখের রাজত্ব, পিছিয়ে কোহলি
সূত্রঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক
বলিউডের কিং খান শাহরুখ খান আবারও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছেন। ক্রল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, তার ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলারে। এর মধ্য দিয়ে তিনি ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে তালিকার শীর্ষস্থান দখল করেছেন।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে শাহরুখের ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে তা প্রায় ২২ শতাংশ বেড়েছে। এর আগে ২০২৩ সালে তার ব্র্যান্ড মূল্য ছিল ১২ কোটি ৭ লাখ ডলার। অর্থাৎ, মাত্র দুই বছরে তার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের প্রতিবেদনে তিনি তৃতীয় অবস্থানে থাকলেও ২০২৫ সালে এক লাফে উঠে এসেছেন শীর্ষে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের শীর্ষ ২৫ তারকার সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।
গত এক বছরে শাহরুখ একাধিক নতুন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার এবং ক্যান্ডেরে। পাশাপাশি হুন্দাই, এলজি, মিন্ত্রা ও এয়ারবিএনবির মতো প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের অংশীদারিত্বও অব্যাহত রয়েছে। ফলে অটোমোবাইল, প্রযুক্তি, ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতে তার ব্র্যান্ড উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে।
অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড জগতেও শাহরুখের এই সাফল্য তার জনপ্রিয়তার নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে তিনি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই সিনেমায় প্রথমবারের মতো তার সঙ্গে অভিনয় করছেন তার একমাত্র মেয়ে সুহানা খান।
এমকে/বিএম২৪









