অফিস ফাঁকি দিয়ে চেম্বারে, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম
অফিস ফাঁকি দিয়ে চেম্বারে, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



সরকারি দাপ্তরিক সময় বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার অভিযোগে এক সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল ও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান চালান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে রোগী দেখার সময় হাতেনাতে আটক করা হয়।


স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় অফিস চলাকালে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দেওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত। দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগে ডা. মইনুল হাসান চিশতীর লাইসেন্স বাতিল এবং চাকরি থেকে বরখাস্তের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকেও নির্দেশ দেওয়া হয়েছে।


অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিপুল অর্থ ব্যয় করছে। কিন্তু কোনো চিকিৎসক যদি সরকারি দায়িত্ব পালন না করে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখেন, তাহলে তার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, এ ধরনের অনিয়মে জড়িত চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান—উভয়ের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



এমকে/বিএম২৪