৪২তম শাহাদৎবার্ষিকীতে স্মরণে মাহবুব আলী খান
সূত্রঃ সংগৃহীত
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ মরহুমের পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুমের কন্যা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জ্যেষ্ঠ নেতারা, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জীবন, কর্ম ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায়ও দোয়া করা হয়।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর।









