মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, জানালা ভাঙলেন ভারতীয় যাত্রী
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভারতের কোচিগামী একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা করে আতঙ্ক ছড়িয়েছেন এক ভারতীয় যাত্রী। এ সময় তিনি জরুরি নির্গমন পথের জানালাও ভেঙে ফেলেন। পরে বিমানটি নিরাপদে অবতরণ করলে তাকে আটক করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, বুধবার রাতে বাটিক এয়ারের ওডি২৩১ ফ্লাইটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামশের ভারতের কেরালার পালাক্কাদের বাসিন্দা। তিনি কুয়ালালামপুর থেকে কোচির উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
পুলিশের অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ৯টা থেকে ১১টা ৫ মিনিটের মধ্যে বিমানটি মধ্য আকাশে থাকা অবস্থায় জামশের জোর করে বিমানের দরজা খোলার চেষ্টা করেন। এর আগে তিনি জরুরি নির্গমন দরজার ভেতরের জানালায় আঘাত করে সেটি ক্ষতিগ্রস্ত করেন। এ সময় তিনি অন্যান্য যাত্রী ও কেবিন ক্রুদেরও হুমকি দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্য যাত্রী ও কেবিন ক্রুরা দ্রুত তাকে নিবৃত করেন। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা এড়ানো সম্ভব হয়।
বৃহস্পতিবার ভোরে বিমানটি কোচিতে অবতরণের পর কেরালা পুলিশ জামশেরকে আটক করে।
বিমানের যাত্রী ম্যাটি ম্যাথু সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বর্ণনা দিয়ে জানান, মধ্যরাত হওয়ায় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তারা বিমানের ভেতরে বাতাস প্রবেশের শব্দ শুনে জেগে ওঠেন। পরে দেখতে পান, এক ব্যক্তি জরুরি নির্গমন দরজার জানালা ভেঙে দরজা খোলার চেষ্টা করছেন। তবে বিমানের নকশা এবং কেবিনের বায়ুচাপের কারণে দরজাটি খুলতে পারেননি তিনি।
ম্যাথু লিখেছেন, “এটি ছিল অত্যন্ত ভীতিকর একটি পরিস্থিতি। সৌভাগ্যবশত, বিমানের সব যাত্রী নিরাপদ ছিলেন।”
সূত্র: ইন্ডিয়া টুডে
এমকে/বিএম২৪








