প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পূরণ হলো অনুশ্রীর স্বপ্ন, উপহার পেল হারমোনিয়াম

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পূরণ হলো অনুশ্রীর স্বপ্ন, উপহার পেল হারমোনিয়াম

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম ও নজরুল সংগীতে তৃতীয় স্থান অর্জনকারী এই ক্ষুদে সংগীতশিল্পী প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন একটি হারমোনিয়াম।


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন অনুশ্রী। এ সময় প্রধানমন্ত্রী তার সংগীতচর্চার খোঁজখবর নেন, ভবিষ্যতেও নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং সংগীতচর্চায় উৎসাহ দিতে তার হাতে একটি হারমোনিয়াম তুলে দেন।


এর আগে গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে পদক গ্রহণের সময় অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লিখে তাঁর এক কর্মকর্তার হাতে তুলে দিয়েছিল। সেই চিঠিতে সে সংগীতচর্চার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে একটি হারমোনিয়াম এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করে। পরে প্রধানমন্ত্রী চিঠিটি পড়ে অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।


সাক্ষাৎ শেষে আবেগাপ্লুত অনুশ্রী জানায়, কখনো ভাবেনি তার লেখা চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় হারমোনিয়াম কেনা সম্ভব ছিল না বলেই সে চিঠির মাধ্যমে সহায়তা চেয়েছিল। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সাক্ষাতের আমন্ত্রণ পাওয়ার খবর শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেনি বলে জানায় সে।


অনুশ্রী আরও জানায়, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী স্নেহভরে তার সঙ্গে কথা বলেন এবং সংগীতচর্চা চালিয়ে যেতে উৎসাহ দেন। পরে প্রধানমন্ত্রীর সামনে একটি দেশাত্মবোধক গানও পরিবেশন করে সে।


অনুশ্রীর বাবা বলেন, মেয়েকে প্রধানমন্ত্রী ডেকে নিয়ে উৎসাহ দেবেন—এমনটা তারা কখনো কল্পনাও করেননি। তিনি জানান, বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর মানবিক কর্মকাণ্ডের গল্প শুনেই মেয়ের মনে বিশ্বাস জন্মেছিল যে, চিঠি লিখলে হয়তো সাড়া পাওয়া যেতে পারে। সেই বিশ্বাস থেকেই চিঠি লেখা, আর আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই উৎসাহ অনুশ্রীর সংগীতচর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার পথে তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।


নিরাপত্তাকর্মী রাকিবেরও পূরণ হলো বহুদিনের ইচ্ছা


একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব।


রাকিব জানান, ছোটবেলা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল তার। সেই আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়বেন না। অবশেষে সেই ইচ্ছা পূরণ হওয়ায় তিনি আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সাক্ষাৎকালে রাকিব তার গ্রামের মানুষের দীর্ঘদিনের একটি দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। নদী পারাপারে প্রায়ই দুর্ঘটনা ঘটে, তাই সেখানে একটি সেতু নির্মিত হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।


গত সাত মাস ধরে রাজধানীতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত রাকিবের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার নুরুল্লাহপুর শিকদারবাড়ি এলাকায়।


এমকে/বিএম২৪