নারী-শিশু সুরক্ষায় আইন সংস্কারের দাবি মহিলা পরিষদের
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত এবং নারীর সাংবিধানিক ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রণয়ন, বিদ্যমান আইনের সংস্কার ও কার্যকর বাস্তবায়নের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সুপারিশমালা জমা দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি দল এসব সুপারিশ তুলে ধরে।
প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, লিগ্যাল এইড উপপরিষদের পরিচালক (লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি) অ্যাডভোকেট দীপ্তি সিকদার, উপপরিচালক অ্যাডভোকেট রাম লাল রাহাসহ অন্যরা।
মতবিনিময়কালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নারী নির্যাতন প্রতিরোধ ও ভুক্তভোগীদের প্রতিকারে আইনগত সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করা জরুরি।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু জানান, বৈঠকে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন, বিদ্যমান আইন সংস্কার এবং কার্যকর বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়। পাশাপাশি এসব সুপারিশ বাস্তবায়নের যৌক্তিকতাও তুলে ধরা হয়। মন্ত্রী বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন বলে তিনি জানান।
বৈঠকে মন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা নারীর মানবাধিকার সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে আইনগত সহায়তা কার্যক্রম আরও কার্যকর করা এবং সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস. এম. এরশাদুল আলম ও মো. খাদেম উল কায়েস, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, মন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









