তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম
তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

সূত্রঃ ফাইল ছবি

জেলা প্রতিনিধি


কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (৬ আগস্ট) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।


রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। আদেশের পর তিনি জানান, হাইকোর্টের দেওয়া জামিন আপাতত স্থগিত করা হয়েছে। হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ কার্যকর হবে। তিনি আরও বলেন, আগামী রোববার বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পরবর্তী আদেশের জন্য উপস্থাপন করা হবে।


এর আগে গত ২ আগস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে তাকে স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। ওই আদেশের পর ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।


পরে হাইকোর্টের ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল আবেদন করে। বৃহস্পতিবার সন্ধ্যায় চেম্বার আদালতের বিশেষ অনুমতি নিয়ে অ্যাটর্নি জেনারেল আবেদনটির শুনানি করেন।


সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে অবসরে যাওয়ার পর এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং তদন্তের স্বার্থে সিআইডি তার ডিএনএ নমুনা সংগ্রহ করে।


উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটিত হয়নি।



এমকে/বিএম২৪