জাপান সাগরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম
জাপান সাগরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধির সমালোচনার পর জাপান সাগরের দিকে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে, যা জাপান সাগর নামেও পরিচিত।


জেসিএস আরও জানায়, ক্ষেপণাস্ত্রটির ধরন ও সক্ষমতা নিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্লেষণ চালাচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য আরও কোনো উৎক্ষেপণের আশঙ্কায় নজরদারি জোরদার করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য বিনিময় অব্যাহত রয়েছে।


এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রজাতীয় একটি বস্তু উৎক্ষেপণ করা হয়েছে। তবে এটি জাপানের উপকূলীয় এলাকায় কোনো প্রভাব ফেলেনি বলে নিশ্চিত করেছে টোকিও।


সম্প্রতি জাপান সরকার উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে। চলতি সপ্তাহে দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জাপানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা জরুরি।


এর জবাবে বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, জাপানের সামরিক নীতির পরিবর্তনের প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেবে।


২০১৯ সাল থেকে উত্তর কোরিয়া নিজেকে অপরিবর্তনীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আসছে।


চলতি মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়া বরাবরের মতোই এ ধরনের মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে এর বিরোধিতা করে আসছে।


দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, যেকোনো সম্ভাব্য উস্কানির জবাব দিতে তাদের বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।


সূত্র: এএফপি


এমকে/বিএম২৪