ইমনের আগুনে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের জয়
সূত্রঃ ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় চলমান ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে (ইউএসএসএ) ডাকওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে ২৬ রানে হারিয়েছে তারা। ম্যাচের নায়ক ছিলেন পেসার ইকবাল হোসেন ইমন, যিনি একাই শিকার করেন ৫ উইকেট।
প্রিটোরিয়ায় টস জিতে আগে ব্যাটিং করা ইউএসএসএ ৪৭ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ২৪৮ রান। বাংলাদেশের হয়ে ইমন ৪৩ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান। এছাড়া রহমান দৌলা বর্ষণ নেন ২টি উইকেট, আর চৌধুরী রিজওয়ান ও আমিনুল ইসলাম বিপ্লব পান একটি করে উইকেট।
২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই কিছুটা চাপে পড়ে। ৮০ রানের মধ্যে হারায় ৩ উইকেট। অধিনায়ক জাকির হাসান ১২ রান করে এলবিডব্লিউ হন। শাহাদাত হোসেন দিপু ১৮ রান করে আউট হন, আর ওপেনার মাহফিজুল রবিন ৩৪ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন।
তবে এরপর চতুর্থ উইকেটে দুর্দান্ত জুটি গড়েন মাহিদুল ইসলাম অঙ্কন ও ইফতেখার হোসেন ইফতি। দুজন মিলে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। ইফতি ৮৫ বলে ৭১ রান করেন, আর মাহিদুল ৬৮ বলে খেলেন ৩৭ রানের ইনিংস। এরপর আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হলে ৩৭ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান থাকা বাংলাদেশ ডিএল পদ্ধতিতে ২৬ রানে এগিয়ে থাকায় জয় নিশ্চিত করে।
এমকে/বিএম২৪








