কমিউনিটি ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ উদ্দিন

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম
কমিউনিটি ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ উদ্দিন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


পুলিশের মালিকানাধীন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। সোমবার (৩ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।


২৫ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন ইমতিয়াজ উদ্দিন রিটেইল, এসএমই ও কৃষি, করপোরেট, ট্রানজেকশন এবং শাখা ব্যাংকিংয়ে দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। কৌশলগত ব্যবসা পরিচালনা, ব্যালান্স শিট শক্তিশালীকরণ, টেকসই প্রবৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সাংগঠনিক রূপান্তরে তাঁর উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।


কমিউনিটি ব্যাংকে যোগদানের আগে তিনি পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৩ মার্চ ওই ব্যাংকে যোগ দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পুনরুজ্জীবন, গ্রাহক সম্পর্ক জোরদার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কৌশলগত উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে তিনি একই প্রতিষ্ঠানে চিফ রিকভারি অফিসার (সিআরও) এবং চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো)-এর অতিরিক্ত দায়িত্বও পালন করেন। এ সময় ঋণ পুনরুদ্ধার, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়ন এবং সুশাসন নিশ্চিত করতে কার্যকর নেতৃত্ব দেন।


এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকে রিটেইল, এসএমই ও কৃষি এবং করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ, এইচএসবিসি বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক পিএলসি. (ইবিএল) এবং ঢাকা ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও ব্যবস্থাপনাগত পদে দায়িত্ব পালন করেন। এসব প্রতিষ্ঠানে ব্যবসা উন্নয়ন, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা, ঋণ ঝুঁকি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।


মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।


ব্যাংকিং পেশার পাশাপাশি তিনি ব্যাংকারদের পেশাগত উন্নয়নেও সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি, প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়ে নেতৃত্ব ও কৌশলগত ব্যবস্থাপনায় নিজেকে সমৃদ্ধ করেছেন।


কমিউনিটি ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেছে, ইমতিয়াজ উদ্দিনের নেতৃত্বে ব্যাংকটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ক্যাশলেস প্রতিষ্ঠানে পরিণত হবে। একই সঙ্গে সুশাসন, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকটি নতুন উচ্চতায় পৌঁছাবে।


এমকে/বিএম২৪